নীলফামারীঃ নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলেরটারী এলাকার আবু বকর সিদ্দিকের কন্যা।
রবিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার(৪ এপ্রিল) সকাল ১১টার দিকে হামের অসুস্থ অবস্থায় জান্নাতকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরে হামের মতো উপসর্গ দেখা দেয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সে গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু বরন করেন।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জানাজা শেষে শিশু আফরিন জান্নাতকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয় বলে পারিবারিক ভাবে জানানো হয়।
এবিষয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, শনিবার শিশুটি হাম রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলো। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে রাত দেড় টার দিকে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে নমুনা রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরে রংপুরে নেওয়ার পর তার মৃত্যু হয়। আমরা নমুনা সংগ্রহ করেছি, পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হামের কারণেই হয়েছে কি না। তবে শিশুটির প্রাথমিক চিকিৎসায় শারীরিক অবস্থা গেছে এটি চিকেন পক্স হবে ধারণা করা হচ্ছে। নমুনার রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হামের মতো সংক্রামক রোগে নবজাতক ও শিশুদের ঝুঁকি বেশি থাকে। সময়মতো টিকা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে জটিলতা তৈরি হতে পারে।
নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, নীলফামারী জেলায় হামের উপসর্গ নিয়ে ১১জন চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে সদর জেনারেল হাসপাতালে ৮ জন, ডিমলায় ২ জন ও সৈয়দপুরে ১ জন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho