শেরপুরঃ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকার সারের ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
এসময় ডিলারদের মজুত যাচাইয়ের পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। কৃষকেরা যাতে সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য না হন, সে বিষয়ে ডিলারদের সতর্ক করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সার্বিক কৃষি পরিস্থিতি পর্যালোচনা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ পরিদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক বিভিন্ন ডিলারের স্টক রেজিস্টার পরীক্ষা করেন। পরে গুদামে থাকা বিভিন্ন ধরনের সারের মজুতের সঙ্গে রেজিস্টারে উল্লেখ করা তথ্য মিলিয়ে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। মজুতের তথ্য যথাযথভাবে সংরক্ষণ, সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি না করার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। পাশাপাশি কোনো কৃষক যাতে সার কিনতে গিয়ে হয়রানি, ভোগান্তি বা বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন বলেন, কৃষকের স্বার্থ রক্ষা, সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করতে ডিলারদের কার্যক্রমের ওপর নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho