মাগুরাঃ মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময় সাধারণ ডায়েরি (জিডি) হওয়া আইফোনসহ-৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার অর্থ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন মাগুরা জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্র জানায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক অভিযানে জুন ২০২৬ মাসে হারানো ও বিভিন্ন সময় জিডিভুক্ত আইফোনসহ মোট-৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৫০ হাজার টাকাও উদ্ধার করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
পুলিশ সুপার আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল উদ্ধার, সাইবার অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর তদন্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে সাধারণ মানুষের মধ্যে জেলা পুলিশের প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব আরও দৃঢ় হয়েছে।
জেলা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি ফেসবুক-সংক্রান্ত অভিযোগ ও জিডির আইনানুগ নিষ্পত্তি, অনলাইন জুয়া প্রতিরোধ এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও অপরাধী গ্রেপ্তারেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম, জেলার চার থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho