
লালমনিরহাটঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় বিএনপির একটি স্বার্থান্বেষী মহলের অব্যাহত ষড়যন্ত্রের বিচার চেয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত মূল্যায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর নিকট বিচার চান।
এসময় এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের এই মঞ্চে উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন। তারা যদি তৃণমূলের নেতা না হন, তবে কি ওই গুটিকয়েক লোকই তৃণমূল? যারা নিজেদের তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাঁদের উদ্দেশ্য ভিন্ন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই—আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেন, তবে এক মুহূর্তও বিলম্ব না করে আমি পদত্যাগ করব। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমার ওপর চলা এই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক চক্রান্তের ন্যায়বিচার করেন।
এমপি আরও বলেন, এই চক্রটি নির্বাচনের দলীয় মনোনয়নের সময়ও নানা চক্রান্ত করেছিল। তবে দলীয় চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক তদন্তের মাধ্যমে সত্য অনুধাবন করে আমাকে মনোনয়ন প্রদান করেছিলেন। চক্রটি এখনো থেমে নেই; নতুন করে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। এরা শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, পুরো শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তি ক্ষুর্ণ করছে। তারা মনে-প্রাণে চায় না এই আসনটি বিএনপির দলের দখলে থাকুক।
তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, আপনারা সবসময় সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো অপশক্তি বা চক্রান্তকারী শহীদ জিয়ার পরিবারের আদর্শ, আমাদের অস্তিত্ব এবং আমার মর্যাদা ক্ষুর্ণ করতে পারবে না।
এর আগে সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তৃণমূলের শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের পূর্বে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই মূলত স্থানীয় বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সেই চরম অসহযোগিতা ও অন্তর্দলীয় কোন্দল উপেক্ষা করেই রোকন উদ্দিন বাবুল বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। কিন্তু ক্ষমতার অল্প কিছুদিনের মধ্যে তার দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে পরাজিত চক্রটি সংসদ সদস্যের বিরুদ্ধে কুৎসা রটানো ও উন্নয়ন বাধাগ্রস্ত করার নোংরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তৃণমূল নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho