যশোরঃ যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।
মানববন্ধনে অংশ নেন শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় তারা ব্যানার হাতে সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এসময় বক্তারা ওসির অপসারণের দাবি তোলেন।
বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মনিরুল ইসলাম মনি’র মুক্তি নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহীন (এটিএন বাংলা), সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (নয়া দিগন্ত), বেনাপোল প্রেস ক্লাবের সাংবাদিক বকুল মাহাবুব (বাংলাদেশ প্রতিদিন), সাজেদুর রহমান (দৈনিক সমকাল), জামাল উদ্দীন (একুশে টিভি ও জাগো নিউজ), বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক (সময় টিভি), সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিনুজ্জামান শহিন, সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী (আনন্দ টিভি), বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম (সমায়ের আলো), সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, প্রচার সম্পাদক সোহাগ হোসেন (দৈনিক ভোরের ডাক),
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য: গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তড়িঘড়ি মনিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho