শেরপুরঃ শেরপুরে উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে এ টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন।
৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, "যুবসমাজকে মাদক ও অনলাইন আসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণসহ শেরপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শহিদুল ইসলাম ভিপিসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, রেফারি, সাবেক ফুটবলার, ক্রীড়া ব্যক্তিত্ব এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্টেডিয়াম চত্বরে ছিল উপচে পড়া ভিড়। মনোজ্ঞ এই আয়োজনে গানের তালে তালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশন এবং শেরপুরের ইতিহাস-ঐতিহ্য ও গ্রামবাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শেরপুর পৌরসভা দল ও নালিতাবাড়ী পৌরসভা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময় পর্যন্ত কোনো দল গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। বিশেষ করে পুরুষের পাশাপাশি নারী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।
এবারের এই টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা এবং ৩টি পৌরসভাসহ মোট ৮টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho