
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ত্রী ও দেড় বছরের সন্তানকে হত্যার পর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইকরাম হোসেন নামে এক ব্যক্তি।
গতকাল শনিবার দুপুরে সদর মানিকগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম হোসেন প্রথমে তার স্ত্রীকে হত্যা করেন। পরে তাদের দেড় বছরের সন্তানকে হত্যা করা হয়। এরপর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন আত্মহত্যা করেছেন, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho