ঢাকাঃ নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সাভারে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যাংক টাউন এলাকার বাসিন্দারা।
বুধবার সকালে সাভারের শিমুলতলায় অবস্থিত তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করেন ব্যাংক টাউন এলাকার শত শত নারী-পুরুষ। এ সময় তারা দীর্ঘদিন ধরে গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।
ব্যাংক টাউন আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল জব্বার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ব্যাংক টাউন এলাকার বাসিন্দারা স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছি না। এর ফলে এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা প্রতি মাসে নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করছি। এরপরও কেন স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছি না, এর জবাব তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দিতে হবে।’
সমিতির সাধারণ সম্পাদক এমারত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বাভাবিক গ্যাস সরবরাহ না পাওয়ায় আমরা খুবই ক্ষুব্ধ। অবিলম্বে ব্যাংক টাউন এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে। অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।’
এ সময় আরো বলেন ব্যাংক টাউন আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা আর আই সাজ্জাদ বলেন, আমরা নিয়মিত বিল দেওয়ার পরও সারাদিন গ্যাস পাইনা শুধু রাতের বেলা স্বল্প সময়ের জন্য গ্যাস আসে তাও চাপ কম থাকে যাক কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় গ্যাসের দাবিতে ব্যাংক টাউন এলাকার শত শত নারী-পুরুষ তিতাস গ্যাস কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করে নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে তিতাস গ্যাসের সাভার জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক আবদুল্লাহ হাসান আল মামুন বলেন, ‘ব্যাংক টাউন এলাকায় গ্যাসের চাপ কম থাকার বিষয়টি আমরা অবগত আছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক হলে দ্রুতই ওই এলাকায় সরবরাহ স্বাভাবিক হবে।’
তিতাস গ্যাসের সাভার কার্যালয়ের জেনারেল ম্যানেজারও গ্যাসের চাপ কম থাকার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
এদিকে দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট চলতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাংক টাউন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, নিয়মিত বিল পরিশোধের পরও যেন গ্রাহকদের ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho