
মানিকগঞ্জঃ ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোডশো ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে জাতীয় সড়ক দিবস পালিত হয়েছে।
এ সময় দক্ষতার স্বীকৃতিস্বরূপ চারজন মোটরযান চালককে সম্মানসূচক ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকাল দশটার দিকে দিবসটি উপলক্ষে স্বাধীনতা চত্বর এলাকায় একটি রোডশোর আয়োজন করা হয়।
বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এর আগে সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কামাল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
আলোচনা সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্রনাথ, সদর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন,বিআরটিসির ম্যানেজার মো. ইবাদুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ, তথ্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন এবং গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ সেলিম মাতব্বর।
এ ছাড়া মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সিহাব সুমন ও শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে দক্ষতার স্বীকৃতিস্বরূপ চারজন মোটরযান চালককে সম্মানসূচক ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho