
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষে ঢুকে ব্যাগ চুরির অভিযোগে পাঁচ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভি-র স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইল-এর প্রতিনিধি বজলুর রহমান, গ্লোবাল ন্যাশন পত্রিকা-র প্রতিনিধি শামীম হোসেন এবং সাইফুল ইসলাম।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়কের অফিসকক্ষে প্রবেশ করেন। এসময় তারা ডা. বাহাউদ্দিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি চুরি করে নিয়ে যায়।
ব্যাগের ভিতরে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি, এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল। অভিযোগে বলা হয়, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে চলে যাচ্ছেন।
তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানান, কথোপকথনের একপর্যায়ে মৌসুমী ও হারুন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ভিজিটিং কার্ড দেন। পরে তাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি দেখা হচ্ছে। পরবর্তীতে আবার ফোন করলে তারা দাবি করেন, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, লোক পাঠিয়ে নিয়ে আসতে পারেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, এঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho