ঢাকাঃ ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্ব শেষ করেছে ইংল্যান্ড পুরোপুরি দাপট দেখিয়ে। আট ম্যাচে আট জয়, প্রতিপক্ষের জালে ২২ গোল, আর নিজেদের পোস্টে একবারও বল ঢুকতে দেয়নি টমাস টুখেলের দল।
বাছাই মিশন শুরু হয়েছিল লন্ডনের ওয়েম্বলিতে। গত ২১ মার্চ আলবেনিয়ার বিপক্ষে ২–০ ব্যবধানের জয়ে টুখেল ইংল্যান্ড কোচ হিসেবে অভিষেক করেন। দীর্ঘ বিরতির পর বাছাইয়ের শেষ ম্যাচটিও ছিল আলবেনিয়ার বিপক্ষে, তবে এবার আলবেনিয়ার রাজধানী তিরানায়। সেখানেও ফল একই—২–০ গোলে জয়।
শেষ ম্যাচে জোড়া গোল করেছেন দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা এখন ৭৮।
পুরো বাছাইপর্ব জুড়ে ইংল্যান্ডের খেলা ছিল শৃঙ্খলিত, নিয়ন্ত্রিত ও ধারাবাহিক। আক্রমণ থেকে রক্ষণ—সব বিভাগেই ছিল স্থিরতা, যার সবচেয়ে বড় প্রমাণ—পুরো আট ম্যাচে একবারও গোল না খাওয়া ডিফেন্স লাইন।
বাছাইপর্ব নিখুঁতভাবে শেষ করায় এখন বিশ্বকাপের মূল পর্বকে সামনে রেখে আরও সুসংগঠিত প্রস্তুতি নিতে পারবে টুখেলের দল।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho