
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সরকারি দেবেন্দ্র কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় খাবাশপুর আদর্শ ডিগ্রী কলেজকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে সরকারি দেবেন্দ্র কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। পরবর্তীতে ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে খাবাসপুর ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছারে সরকারি দেবেন্দ্র কলেজ।
খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম রবিন শীষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন, খাবাশপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন বাদল, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, আব্দুল মোমিন প্রমুখ।
উল্লেখ্য তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। গত ৩০ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার নয়টি কলেজ দল অংশ গ্রহন করে।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 



















