মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মরহুম আব্দুল মোতালেব মোল্লার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেওতার ইউনিয়নের বাবুর পয়লা এলাকার বাবলু মন্ডলের বাড়িতে এ ক্যাম্পে স্থানীয় নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালনা ও বাস্তবায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শফিকুল ইসলাম (ঠান্ডু)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে চলমান থাকলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য শহিদুল ইসলাম মাহমুদ মোল্লা, মাওলানা মহিদুল মোল্লা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেন্টু খান, পান্নু মিয়া, রাকিবুল ইসলাম রানা, রাজন আহমেদ রাজু ও সাইমন সাকিব নিঝুম। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের মহাসচিব ও মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।
এ বিষয়ে মোজাম্মেল হোসেন মোল্লা বলেন,
“আমাদের এই উদ্যোগে কোনো রাজনীতি নেই। এখানে শুধু মানুষের সেবা আছে। গরিব ও অসহায় মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—এই লক্ষ্য নিয়েই শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বছরব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার পাশে দাঁড়াচ্ছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা, নতুন চিকিৎসা সেবা ও নিয়মিত স্বাস্থ্য ক্যাম্পের পরিসর বাড়ানো হবে। ইনশাআল্লাহ, এই মানবিক কার্যক্রম দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে গরিব মানুষের কল্যাণে চলমান থাকবে।”
বছরব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা পেয়ে শিবালয় উপজেলার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho