
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, ১৭ দিন আগে ওনাকে নিয়া হাত ধরে ধানের শীষের মার্কা দিয়ে বেগম খালেদা জিয়া বলেছে, তোমরা বিএনপি নেতাকর্মী, তোমাদের কাছে তাকে দিলাম, তোমরা সকলে গিয়াস উদ্দিনকে বিজয়ী করে ঘরে ফিরবা। তার সাথে আওয়ামীলীগের কোন লোক ছিল না। তার পাশের বাড়ির আপন রক্তের চাচাত ভাই তারা নৌকা করছে। আমরা জান-জীবন দিয়া শামীম ওসমানের রক্তচক্ষু উপেক্ষা কইরা ২০০১ সালে ওনারে এমপি নির্বাচিত করেছিলাম।
রবিবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম রবি বলেন, উনি মাঝে মাঝে বক্তৃতায় বলেন, আমার পুরো পরিবারের চামড়া দিয়া যদি জুতা বানাইয়া দেই তাহলেও খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে পারব না। আপনারে যে এমপি বানাইলো বেগম খালেদা জিয়া, ওনার ছেলেটা এখন এতিম। সেই ঋণটা শোধ করার জন্য এই তারেক রহমানের সাথে খাড়াইয়া ওনি ধানের শীষে ভোট চাওয়ার কথা না? তার ঈমান আছে? তার ঈমান নাই, সে বেঈমানের খাতায় নাম লিখিয়েছে। সে এখন একটা খেলনা লইয়া আইছে। খেলনা একটা লইয়া রাস্তা দিয়া ঘুরে। বাবা তোমারে খালেদা জিয়া এত শৈ^র্য-বির্য্য দিল, মরলে তোমার শোক প্রস্তাব হইব, জানাজা হইব দক্ষিণ প্লাজায়। এতকিছু পাওয়ার পর তুমি খেলনা নিয়ে ঘুর কেন বাবা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ইকবাল হোসেন বলেছেন, যারা বড় বড় কথা বলছে তারা কিন্তু আমাদের প্রতিপক্ষ না, মান্নান ভাইয়ের প্রতিপক্ষ না, ধানের শীষের প্রতিপক্ষ। যারা বড় বড় কথা বলছে তারা তারেক রহমানের প্রতিপক্ষ, শহীদ জিয়াউর রহমানের প্রতিপক্ষ, বেগম খালেদা জিয়ার প্রতিপক্ষ। সুতরাং দলের বাইরে গিয়ে বড় বড় হিরো ছিল এই দেশে, বড় বড় নেতা ছিল কেন্দ্রীয়, তারা জিরো হয়ে গেছে গা। আপনিও খেলার মাঠের বাইরে গেছেন গা। সুতরাং খেলার মাঠে এসে খেলার মত ক্ষমতা আপনার নাই। আপনে খেলার মাঠের বাইরে গেছেন গা, আপনি ফাউল। ফাউল হিসেবে আমরা আপনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছি। আমরা খেলার মাঠে আর আপনাকে ফিরিয়ে আনব না।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেছেন, আপনারা সকলে দেখেছেন বেগম খালেদা জিয়া বৃদ্ধ বয়সে এই দলের জন্য স্বৈরাচারের সাথে আপোষ করে নাই। এই জনগণের ভাগ্যোন্নয়নের জন্য ওই অবৈধ হাসিনার সাথে আপোষ করেন নাই। আপোষ করলে উনি আরো ভালো থাকতো। দীর্ঘ ১৭ বছর অন্যায়ভাবে ওনার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল। সাড়ে ৭ বছর উনি জেল খেটেছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিল। তিনি লন্ডন বসে হাসিনার কুকর্মের জন্য জনগণের পাশে থেকে হাসিনার কাছ থেকে যেন দেশ মুক্তি পায় সেজন্য লন্ডন থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেশে এনেছে। উনি জনগণের পক্ষে আছে এবং জনগণের সাথে থাকতে চান, সুখ-দু:খে থাকতে চান।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক দীপালী আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, বিএনপি নেতা জসিম, জহির হাজী, জাহিদসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho