
ঢাকাঃ আশুলিয়ায় তাহফিজুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদ্ররাসায় হামলা ও ভাংচুর চালিয়েছে অস্ত্রধারী সংঘবদ্ধ একটি চক্র।
সোমবার (০৯ মার্চ) সকালে আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গনে এক দল অস্ত্রধারী সংঘবদ্ধ চক্র হঠাৎ করে কিছু বুঝে উঠার আগেই হামলা চালিয়ে মাদ্রাসার গেট এবং ভেতরের জানালা ভাংচুর করে। এসময় তারা মাদ্রাসার বেশ কয়েকটি সিসি ক্যামেরা ভাংচুর করে।
জানা যায়, সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসায় দাবিকৃত চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার ও ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এতে মাদ্রাসার আসবাবপত্র ভাঙচুরসহ শিক্ষক-শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএনপি নেতা।
ঢাকার আশুলিয়ার 'তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা'। দীর্ঘদিনের ধর্মীয় এই বিদ্যাপীঠে হঠাৎ করেই নেমে আসে হামলার তান্ডব। অভিযোগ উঠেছে, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ও ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন সহ তার অনুসারীরা বড় অংকের চাঁদা দাবি করেন মাদ্রাসার কাছে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তাণ্ডব।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ছাত্র ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে পাশের কক্ষে আশ্রয় নেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন ন্যাক্কারজনক কাজ করা হয়েছে একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে।
তবে বিএনপি নেতাদের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএনপি নেতা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা।
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নেতার এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho