মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ে নিবন্ধনের আগে বর–কনের বয়স যাচাইয়ে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা।
রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন উপজেলার কাজীদের অংশগ্রহণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে জেলার বিভিন্ন উপজেলার কাজীরা অংশগ্রহণ করেন।
গুরুত্বপূর্ন মতবিনিবিনময় সভায় জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি কাজীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে নিবন্ধনের সময় যদি বর–কনের বয়স যাচাইয়ে সামান্য অবহেলা করা হয়, তাহলে তা সমাজে বাল্যবিবাহের সুযোগ সৃষ্টি করে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি আইনগত অপরাধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তাই বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর–কনের বয়স যথাযথভাবে যাচাই করা এবং আইন মেনে বিয়ে সম্পাদন নিশ্চিত করতে কাজীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম এবং সদর থানা কাজী সমিতির সভাপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও কাজীদের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho