ঢাকাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী মো. মাজেদুল হক হেলালকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদালত আসামির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে চট্টগ্রাম থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’-এর মালিক।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। মাইক্রো অ্যানালাইসিসের মাধ্যমে অস্ত্রটির সিরিয়াল নম্বর শনাক্ত করা সম্ভব হয়। ২০১৭ সালে আমদানি করা এই পিস্তল প্রথমে পুরানা পল্টনের ‘এম আইচ আর্মস কোং’ থেকে চকবাজারের ‘ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্স’-এর কাছে বিক্রি করা হয়। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সেটি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’-এর কাছে হস্তান্তর করা হয়।
তদন্তে আরও জানা গেছে, হেলালের লাইসেন্স নম্বর ৪৫/৪৮, যা পূর্বে তার বাবা হামিদুল হকের নামে ছিল। ২০০০ সালে এটি তার নামে হস্তান্তর করা হয়। তবে ২০১৪ সালের ডিসেম্বরের পর লাইসেন্সটি আর নবায়ন করা হয়নি। নবায়ন ছাড়াই তিনি অস্ত্রটি কেনেন বলে অভিযোগ রয়েছে। অস্ত্রটি কীভাবে মূল আসামিদের কাছে পৌঁছায়, তা জানতেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে হামলার শিকার হন ওসমান হাদি। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তার বহনকারী অটোরিকশায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত এবং সহায়তার অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho