ঢাকাঃ আশুলিয়ার বগাবাড়ী বাজারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনটির নেতাকর্মী ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বগাবাড়ী বাজারস্থ ফেডারেশন অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু, মনসুর আলী,মাসুদ রানা সুলতান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মাদক কারবারি মামুন ও তার সহযোগীরা শ্রমিক ইউনিটির কার্যালয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তাদের দাবি, বেশ কিছুদিন ধরে ওই চক্রটি সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।
বক্তারা আরও বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে বলেছে, চাঁদা না দিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ও থানা কমিটির সভাপতি নাজমুল হককে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুম করা হবে। এমন হুমকিতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিক সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho