মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তেওতা এলাকায় দেশীয় মাছ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীর বিভিন্ন স্থানে স্থাপন করা নিষিদ্ধ জাল উদ্ধার করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের নেতৃত্ব দেন শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। তিনি দীর্ঘদিন ধরে যমুনা নদীতে দেশীয় মাছ সংরক্ষণ, অবৈধ জাল প্রতিরোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তিনি বলেন, যমুনা নদীর দেশীয় মাছ রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। চায়না দুয়ারি জালের মতো নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করা, বিকল্প আয়ের উৎস সম্পর্কে পরামর্শ দেওয়া এবং নদীতে টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর উদ্যোগে জেলেদের সাথে নিয়মিত যোগাযোগ, সচেতনতামূলক আলোচনা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে, যাতে তারা আইনসম্মতভাবে মাছ আহরণ করতে পারেন এবং একই সাথে দেশীয় মাছ সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।
যমুনা নদী দেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্য ভান্ডার হিসেবে বিবেচিত। এ নদীতে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে পারলে পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, অবৈধ জাল প্রতিরোধে নদীতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে এবং দেশীয় মাছ সংরক্ষণে ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho