শেরপুরঃ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং প্রান্তিক মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভুক্তভোগীরা তাদের দৈনন্দিন সমস্যা, অভিযোগ ও আবেদনের কথা তুলে ধরেন।
গণশুনানিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে প্রতিটি আবেদনকারীর সমস্যার কথা শোনেন। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেবাগ্রহীতাদের স্বস্তি প্রদান করেন তিনি। এদিনের কার্যক্রমে মানবিক সহায়তা হিসেবে ৩৫ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ৩ জন রোগীকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
যেসকল সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সেবাপ্রার্থীদের যথাযথ দিক-নির্দেশনাসহ পাঠানো হয়েছে। এর মধ্যে জেলা পরিষদ, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় সুনির্দিষ্ট সুপারিশসহ আবেদনকারীদের প্রেরণ করা হয়।
গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাগ্রহীতারা জেলা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, সরাসরি জেলা প্রশাসকের সামনে সমস্যার কথা তুলে ধরতে পারায় আমলাতান্ত্রিক জটিলতা কমেছে এবং সরকারি সেবা প্রাপ্তি সহজতর হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho