শেরপুরঃ শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় সরকার ও বিআরটিএ কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “সরকারের এই সহায়তা ভুক্তভোগী পরিবারগুলোর কষ্টের কিছুটা লাঘব করতে সাহায্য করবে।”
দুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসক উপস্থিত সকলের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, “সড়কে চলাচলকারী প্রত্যেককে আইন মেনে চলতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনার সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর বিআরটিএ এর সহকারী পরিচালক(ইঞ্জিঃ) জি এম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক রাশেদুল ইসলাম পলাশসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho