
রংপুরঃ তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ–দুর্দশা সরেজমিনে দেখতে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙনপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন তারা। এ সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা ও চীনের রাষ্ট্রদূত একটি নৌকায় করে তিস্তার উভয় তীর ঘুরে দেখেন। নদীর বিস্তৃতি, ভাঙনের মাত্রা, চরাঞ্চলের বাস্তবতা এবং নদীশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নৌভ্রমণের সময় দুই দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশগত চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় তারা নদীতীরবর্তী ভাঙনকবলিত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভাঙনের ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোর বর্তমান অবস্থা, জীবন-জীবিকার সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুরবস্থা এবং দীর্ঘদিনের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর নদীভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও সহায়-সম্পত্তি হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। ত্রাণ নয়, তারা চান নদীর স্থায়ী বাঁধ, কার্যকর নদীশাসন এবং টেকসই উন্নয়ন।
কাউনিয়া এলাকার ভাঙনকবলিত বাসিন্দা মোজাহার আলী জানায়, চীনের রাষ্ট্রদূত আজ আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে শুধু নদীভাঙন রোধই নয়, এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানও বদলে যাবে।”
একই এলাকার ভাঙ্নকবলিত কোহিনুর বেওয়া জানান,’ আমরা শুধু প্রতিশ্রুতি পাচ্ছি কিন্তু বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আগেও অনেকবার প্রতিশ্রুতি পেয়েছি, এবারও প্রতিশ্রতি পেলাম। আমরা চাই বাস্তবায়ন। আর প্রতিশ্রুতির মধ্যে থাকতে চা্ই না।’ ‘তিস্তার ভাঙনে আমরা সবকিছু হারিয়ে নি:স্ব হয়েছি। আমাদের কষ্টকে পূঁজি করে বহু সেনতা লাভবান হয়েছেন। এখঝনো তারা লাভবান হচ্ছেন কিন্তু আমাদের কষ্টের শেষ হচ্ছে না। এবার আশা করছি আমাদের কষ্ট দূর হবে,’ তিনি বলেন।
তিস্তাপাড়ের ভাঙনকবলিত মানুষজন জানান, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় থাকা উত্তরাঞ্চলের মানুষের মধ্যে এই উচ্চপর্যায়ের সফর নতুন আশার সঞ্চার করেছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের লাখো মানুষের জীবন ও জীবিকা নিরাপদ হবে। প্রকল্টপটি বাস্তবায়নের জন্য তিস্তাপাড়ের লাখো মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “তিস্তা নদী ব্যবস্থাপনা ও ব্যাপকভিত্তিক উন্নয়ন প্রকল্পে কারিগরি ও আর্থিক সহযোগিতা করছে চীন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই সফর সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, “তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা আমাদের অগ্রাধিকার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলের মানুষ প্রতি বছর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধুপ্রতিম চীনের সঙ্গে আমরা একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজছি।
উপদেষ্টা জানান, বর্তমানে প্রকল্পটি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সমীক্ষা চলমান রয়েছে। একটি হচ্ছে কারিগরি দিক—ফিজিবিলিটি স্টাডি শতভাগ সঠিক ও কার্যকর কি না, তা যাচাই করা। অন্যটি হচ্ছে আর্থিক দিক—এই বিশাল বিনিয়োগ চীন সরকারের জন্য কতটা টেকসই হবে, সে বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় পাশে থাকতে চায়। তিস্তা নদী অঞ্চলের মানুষের সমস্যাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আজকের এই পরিদর্শন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। আশা করছি খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, টেকসই এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই বলেও জানান তিনি।
এ সময় চীনা রাষ্ট্রদূত চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 









