
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ–হরিরামপুর আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভারসাম্যহীন ব্যক্তির মারা গেছে। দুর্ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),মানিকগঞ্জ জেলা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে।
নিহত ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম (৬২)। তিনি নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর থানাধীন বড় নন্দুরা দক্ষিণ বিশিউরা গ্রামের বাসিন্দা। পিতা মৃত সাফর উদ্দিন আহমেদ এবং মাতার নাম লিলি বিলকিছ।
পিবিআই সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার এসআই শাহীন পিবিআই মানিকগঞ্জ জেলার ডিউটি অফিসারকে বিষয়টি অবহিত করেন। সদর থানাধীন মিতরা বাজার সংলগ্ন হাইওয়ে সড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।এমন সংবাদের ভিত্তিতে পিবিআই তৎপরতা শুরু করে।
সংবাদ পেয়ে পিবিআই মানিকগঞ্জ জেলার চৌকস ক্রাইমসিন টিম জিডি নং-১০৭ মূলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে তথ্য বিশ্লেষণ ও যাচাই-বাছাই শেষে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









