
ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয় অর্জনের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন, ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
তবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে কোনো ধরনের আনন্দ মিছিল, সভা কিংবা সমাবেশ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় পরিবেশে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
একই সঙ্গে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে স্থানীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মাবলম্বীদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই কর্মসূচির মাধ্যমে দলটি গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চায়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো।
নিজস্ব প্রতিবেদকঃ 














