
মানিকগঞ্জঃ শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিবালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। ভোরে আনুষ্ঠানিক তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে।
সকালে টেপরা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এরপর টেপরার দশচিড়া মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। সেখানে কুচকাওয়াজ, শারীরিক প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। একই স্থানে স্বাধীনতার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।
মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার 









