
ঢাকাঃ রাজধানীর গুলশান থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক মো. এমদাদুল হক এমদাদকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিপক্ষের আইনজীবী মোকসেদুল হাসান মন্ডল এমদাদকে গ্রেফতার না দেখানোর আবেদন জানিয়ে শুনানি করেন। তবে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সেই আবেদন নাকচ করে তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গুলশান থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় এমদাদুল হক এমদাদকে আসামি করা হয়েছে। তিনি বর্তমানে অন্য একটি মামলায় গ্রেফতার অবস্থায় কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বহুজনকে আসামি করা হয়েছে।
আব্দুর রহমান 









