
ঢাকাঃ রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত।
রবিবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের বক্তব্য শুনে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শুনানির দিন শিরীন শারমিন চৌধুরীকে আদালতে উপস্থিত করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর লালবাগ এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা এ মামলায় তাকে আসামি করা হয়। ওই ঘটনায় হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। তবে শুনানিতে তার আইনজীবীরা দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে পুলিশ রিমান্ডের আবেদন জানায় এবং আসামিপক্ষ জামিন প্রার্থনা করে। সে সময় আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ তিনি জামিন লাভ করেন।
আব্দুর রহমান 














