
মোঃ চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ জেলার সাতটি থানার মধ্যে সার্বিক কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শিবালয় এলাকায় একটি কারখানায় সংঘটিত ডাকাতি মামলার দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
প্রতিক্রিয়ায় ওসি মনির হোসেন বলেন, এই অর্জন একার নয়; থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম গণমাধ্যমকে বলেন, দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও ইতিবাচক কর্মতৎপরতার ভিত্তিতেই তাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়েছে। এই স্বীকৃতি তার পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার 









