
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলায় মিতরা মিলন’স ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন’স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, পরিমাপ যাচাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। যা ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ। পরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন ধরে গ্রাহকদের কম পরিমাণে ডিজেল সরবরাহ করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিদপ্তর সূত্রে আরো জানা যায়।
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ মানিকগঞ্জ শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ।
আব্বাসী,স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ 









