
সাতক্ষীরাঃ অনুন্নত ও দুর্গম অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে পৃথক সংসদীয় আসন গঠনের দাবি জানিয়েছেন অ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবীর।
তিনি বলেন, সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য তার নিজ এলাকার উন্নয়নে কাজ করে থাকেন। তবে বাস্তবতায় দেখা যায়, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও অবহেলিত এলাকাগুলো সমান গুরুত্ব পায় না। ফলে এসব অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
তার মতে, অনুন্নত এলাকাগুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়ে উন্নয়নের মূলধারায় আনতে হলে পৃথক সংসদীয় আসন অত্যন্ত জরুরি।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল আশাশুনি ও শ্যামনগর একসময় ভৌগোলিক দূরত্বের কারণে পৃথক সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে সীমানা পুনর্নির্ধারণের ফলে সেগুলো একীভূত করা হয়, যা স্থানীয় উন্নয়নে প্রভাব ফেলেছে বলে দাবি করেন তিনি।
এদিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দেশের অন্যতম দুর্গম ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত। জেলা সদর থেকে সেখানে পৌঁছাতে টাঙ্গাইল হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এছাড়া উপজেলার চারটি ইউনিয়ন যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত, যেখানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ।
বর্তমানে চৌহালী উপজেলা বেলকুচি উপজেলার সঙ্গে একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। বেলকুচি তুলনামূলকভাবে বড় ও উন্নত হওয়ায় একজন সংসদ সদস্যের পক্ষে উভয় এলাকার উন্নয়ন সমানভাবে তদারকি করা কঠিন হয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে চৌহালী উপজেলাকে পৃথক সংসদীয় আসন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি। এ দাবিকে বাস্তবায়নে আন্দোলন জোরদার করার পাশাপাশি প্রয়োজনে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও উল্লেখ করেন অ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবীর।
নিজস্ব প্রতিবেদকঃ 









