
ঢাকাঃ রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব উল্ল্যাহ আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশীদ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী বয়োজ্যেষ্ঠ ও শারীরিকভাবে অসুস্থ। তিনি পূর্ববর্তী ১৪ দিনের রিমান্ড শেষে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এসব বিষয় বিবেচনায় রিমান্ড না দেওয়ার অনুরোধ জানান তিনি।
তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন বিপ্লব শেখ। এ সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন তিনি। গলায় ও কোমরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা পারভেজ শেখ মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার নেপথ্যের তথ্য উদ্ঘাটন, অন্যান্য জড়িতদের ভূমিকা যাচাই এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে
আব্দুল রহমান 









