
সাতক্ষীরাঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কমলাপুরে পোল্ট্রি ফার্মের কর্মচারী রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে নিহত রাফাতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রাফাতের মা শাহানারা বেগম, চাচা আব্দুল লতিফ, রুহুল কুদ্দুস, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আইনুল ইসলাম, নুর নাহার, শাইদা খাতুন, সুফিয়া খাতুন, ফরিদা খাতুন ও শরিফা খাতুনসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে রাফাত (১৯) আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আক্তারুজ্জামানের মালিকানাধীন কমলাপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন। গত ১৩ জুন রাতে তিনি ফার্মে ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে পরিবারের সদস্যদের জানানো হয়, রাফাত আত্মহত্যা করেছেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফার্মের একটি রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
তবে রাফাতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, মরদেহে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এসব আলামত হত্যার ইঙ্গিত বহন করে বলে দাবি করেন স্বজনরা।
মানববন্ধনে নিহতের মা শাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ হত্যা মামলা গ্রহণে গড়িমসি করছে। তারা অবিলম্বে হত্যা মামলা রুজু, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধন থেকে রাফাতের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলা হয়, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ 








