
ঢাকাঃ আশুলিয়ায় গিল্ডেন গ্রুপে অবহেলা ও অব্যবস্থাপনায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এতে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গত কাল কর্মবিরতি পালন করাসহ আজ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে পলাশবাড়ীর গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানায় এসে গেট বন্ধ পায়। এতে ক্ষিপ্ত হয়ে তারা কাখানার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এসময় নিহত শ্রমিকের ক্ষতি পাওয়া পূরণ বাবদ এক কোটি টাকা এবং ফরেন ম্যানেজমেন্ট বাতিল করে বাঙালি ম্যানেজমেন্ট নিয়োগ, এবং নিহত শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবিসহ বেশ কিছু দাবি তুলে ধরেন। এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শ্রমিকরা।
এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও তা পাননি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে তাঁর মৃত্যু হয়।
শ্রমিকদের দাবি, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। তাই বিদেশি ম্যানেজমেন্ট বাদ দিয়ে বাঙালি ম্যানেজমেন্ট নিয়োগ না দিলে শ্রমিকরা কাজে যোগদান করবে না।
শিল্প পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আলোচনা চালিয়ে শ্রমিকদের শান্ত রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 









