
সাতক্ষীরাঃ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে আসমানী খ্যাত সাবিত্রী সরদারের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের অসহায় বৃদ্ধা সাবিত্রী সরদার (৮৫) তার প্রতিবন্ধী মেয়ে সবিতা সরদার (৬০) ও নাতি পরিক্রম সরদার (১৭)-কে নিয়ে দীর্ঘদিন ধরে এক শতক জমির ওপর নির্মিত একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করছিলেন। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ভেঙে পড়ে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সহানুভূতি জানিয়ে ঘর পুনর্নির্মাণে উদ্যোগ নেন। বিষয়টি স্থানীয় সাংবাদিক , কলেজ শিক্ষক রামকৃষ্ণ রায় ও সমাজকর্মী বিশ্বজিৎ মণ্ডলের সহযোগিতায় উপজেলা প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডল সরাসরি ঘটনাস্থলে যান। তারা সাবিত্রী সরদারের মানবেতর জীবনযাত্রা দেখে গভীরভাবে মর্মাহত হন। ইউএনও অনুজা মণ্ডল তাৎক্ষণিক ভাবে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঘর নির্মাণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, প্রশাসনের আসল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা। সমাজে কেউ যেন অনাহারে বা গৃহহীন অবস্থায় না থাকে এটা আমাদের সকলের দায়িত্ব।
অপরদিকে, সহকারী ভূমি কমিশনার অমিত কুমার বিশ্বাস, যিনি পূর্বেই আর্থিক সহায়তা দিয়েছিলেন, বদলিজনিত কারণে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
এলাকাবাসী জানান, ইউএনও অনুজা মণ্ডল ও অমিত কুমার বিশ্বাসের এমন মানবিক পদক্ষেপ শুধু প্রশাসনিক দায়িত্ব নয় এটি এক অনন্য দৃষ্টান্ত, যা সমাজে মানবতার প্রতি আস্থা জাগিয়ে তুলেছে।
একজন বৃদ্ধা নারী ও তার প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়ে ইউএনও অনুজা মণ্ডল প্রমাণ করেছেন মানবতা এখনো জীবিত আছে।
শেখ আমিনুর রহমান মুন্না কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ 









