
ঢাকাঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে এক নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তের গোল হজম করে জয় হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়াদের দল।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের দখলে ছিল বল, কিন্তু গোলের দেখা মিলছিল না। খেলার ২৯তম মিনিটে নেপালের রোহিত চাঁদের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সুমিত শ্রেষ্ঠার কাটব্যাক থেকে পাওয়া বলে নিচু শটে জাল খুঁজে পান অভিজ্ঞ রোহিত। জাতীয় দলের হয়ে এটি ছিল তাঁর দ্বিতীয় গোল।
বাংলাদেশ প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফাহিমের ৪৪ মিনিটের হেড সরাসরি নেপালের গোলরক্ষক কিরন কুমারের হাতে জমে গেলে বিরতিতে ১–০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে লাল–সবুজরা।
বিরতির পর বদলে যায় খেলার রূপ। ৪৬তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়ানো বলে ওভারহেড কিকে দুর্দান্ত গোল করে সমতায় ফেরান হামজা চৌধুরি। এটি ছিল জাতীয় দলের হয়ে তাঁর তৃতীয় গোল।
মাত্র তিন মিনিট পর, ৪৯তম মিনিটে রাকিব হোসেনকে ফাউল করায় পায় পেনাল্টি। ঠান্ডা মাথায় ‘পানেনকা’ শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা (২–১)।
বাংলাদেশের এই জোড়া গোলের পর স্টেডিয়ামে উল্লাসের ঢেউ বয়ে যায়। দ্বিতীয়ার্ধের মাঝপথে হামজার চোট পাওয়ায় তাঁকে তুলে নিতে হয়; তাঁর বদলে নামেন ১৯ বছর বয়সী নবীন খেলোয়াড় কিউবা মিচেল, যার এটি ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
৭০তম মিনিটে আরও তিনটি পরিবর্তন আনেন কোচ কাবরেরা—নামেন শাকিল আহাদ তপু, শাহরিয়ার ইমন ও মোহাম্মদ হৃদয়। তবে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা হয় আরও পাঁচ মিনিট। সেই অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নেপাল কর্নার থেকে গোল করে সমতায় ফেরে। অনন্ত তামাং পা ছুঁইয়ে জালে বল পাঠালে বাংলাদেশ জয় হারায় শেষ মুহূর্তে।
শেষ বাঁশির সঙ্গে সঙ্গে হতাশা ছড়িয়ে পড়ে বাংলাদেশ শিবিরে। জোড়া গোল করা হামজার চোখেমুখেও ছিল অসন্তোষ, যদিও তিনি ডাগআউটে বসে শান্তভাবেই ম্যাচের শেষ অংশ দেখেন।
শাহাবাজ রহমান জয় 















