
মানিকগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–৩ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে বেরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। ষড়যন্ত্র চলছে, একটি গুপ্ত গ্রুপ কাজ করছে—তাই আমাদের সজাগ থাকতে হবে। আগামীর মানিকগঞ্জ কেমন হবে- তা নির্ভর করছে আপনাদের ভোটের ওপর।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ’ এর এক দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ’ আয়োজিত এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে আফরোজা খানম রিতা বলেন, আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেই। মানিকগঞ্জকে অবনতির দিকে ঠেলে দেওয়া যাবে না। একটি সিদ্ধান্ত শুধু আপনার নয়, আপনার সন্তানের ভবিষ্যৎকেও নির্ধারণ করে। আগামীর মানিকগঞ্জ কেমন হবে- তা নির্ভর করছে আপনাদের ভোটের ওপর। সারা বাংলাদেশের মানুষ জানে মানিকগঞ্জ ধানের শীষের এলাকা ঘাটি। সেই ধানের শীষ আমাদের ফিরিয়ে আনতে হবে।
ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে রিতা আরো বলেন, মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসেন। এই ভালোবাসার মর্যাদা রাখতে হবে। ধানের শীষকে বিজয়ী করে আমরা সমগ্র মানিকগঞ্জবাসী জয়ী হতে পারি। আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। ফলে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম উন্নতির শেখরে পৌঁছাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. আশরাফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









