
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মোজাম্মেল হোসেন মোল্লার মানবসেবার যাত্রা এখন পৌঁছে গেছে উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে। অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের মেয়ের বিয়ে, কর্মসংস্থানের ব্যবস্থা—মানবিকতার নানামুখী উদ্যোগে তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের ভরসার ঠিকানা।
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা একজন ইতালি প্রবাসী। প্রবাস জীবনের কঠোর পরিশ্রম ও কষ্টের মাঝেও তিনি নিজের উপার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। প্রবাস জীবন যে কতটা কষ্টের, তা জানা সত্ত্বেও মানুষের মুখে হাসি ফোটাতে তাঁর এই ত্যাগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
সহায়তা পাওয়া মানুষগুলোর মুখে কৃতজ্ঞতার কথা শুনলেই যেন তার সব কষ্ট ভুলে যান তিনি। মানুষের মাঝেই তিনি খুঁজে পান সুখ ও মানসিক শান্তি। এলাকাবাসী জানান, এমন মানবিক মানুষ সমাজে আরও বেশি প্রয়োজন।
এলাকার সর্বস্তরের মানুষ মোজাম্মেল হোসেন মোল্লার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা—মানবিক গুণসম্পন্ন এই মানুষটি ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করার সুযোগ পেলে সমাজ আরও উপকৃত হবে।
মোঃ চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টার 









