
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে জাবাল -ই -নূর দাখিল মাদরাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া,মাদরাসার ৫ম শাখার উদ্বোধন, ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) সকালে জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকায় স্থাপিত জাবাল -ই -নূর দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
জাবাল -ই -নূর দাখিল মাদরাসা কর্তৃত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক।
জাবাল -ই -নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার মোঃ সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন,মানুষের চিন্তা বিশ্বাসের সাথে সঙ্গতপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। যার খেসারত আমরা যুগ যুগ ধরে দিয়ে যাচ্ছি। এর প্রমাণ বিগত সময় এই দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা পাচারের পেছনে কোন মাদ্রাসা সংশ্লিষ্ট লোক জড়িত ছিল না।
মো: তৌহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা জামাতের সাবেক আমির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ – ৩ আসনের জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন, শিক্ষাবিদ মাওলানা মোঃ কামরুল ইসলাম, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, সাভার মডেল কলেজের অধ্যক্ষ ও জাবাল -ই -নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন ও বেগম জরিনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল করিম বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন,জুলাই আন্দোলনে নিহত সাভার জাবাল -ই -নূর দাখিল মাদরাসার শিক্ষার্থী শহীদ সাদ মাহমুদের পিতা বাহাদুর খান।
আলোচনা সভা শেষে চিত্রাংকন, কুইজ এবং হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আনসারী জান্নাত (গ) বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছে।
এবি আব্বাসী, স্টাফ রিপোর্টার 









