
ঢাকাঃ সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে: ২টি লোহার তৈরি দা
১টি ছুরি ও ১টি চাইনিজ কুড়াল ৩টি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন সরঞ্জাম
গ্রেপ্তারকৃত আসামিরা হলো-মো. রসেদ মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. মাসুদ রানা (৩১), মো. সানি মিয়া (৩৫), মো. শাহিন মিয়া (৩১), মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) এবং মো. ইমন মিয়া (২৫)। তারা সাভারের ছোট কালিয়াকৈর, রাজাশন,সামাইর ও হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়,সম্প্রতি সাভারের রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান শুরু হয়। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, ঘটনার সময় ১৫-১৬ জন ডাকাত ওই বাঁশঝাড়ে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির কথা স্বীকার করেছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতিউর রহমান, স্টাফ রিপোর্টার 









