
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ–১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঘোড়া প্রতীকের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী তৎপরতায় জড়িত থাকার ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল কঠোর পদক্ষেপ নিয়েছে।
দৌলতপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক নির্দেশনা অমান্য করার দায়ে বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন বেপারী (আনোয়ার মেম্বার)-কে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীকে তার সঙ্গে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই অভিযোগে জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর উপজেলা শাখার পাঁচজন নেতাকর্মীকেও সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—
আবুল বাসার — সহ-সভাপতি, চরকাটারি ইউনিয়ন যুবদল
মো. জসিম — সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কলিয়া ইউনিয়ন যুবদল
আতোয়ার হোসেন — যুগ্ম আহ্বায়ক, জিয়নপুর ইউনিয়ন যুবদল
আব্দুর হাকিম — যুগ্ম আহ্বায়ক, জিয়নপুর ইউনিয়ন যুবদল
মো. হাতেম আলী — সদস্য, বাঘুটিয়া ইউনিয়ন যুবদল
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের সঙ্গে যুবদলের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখেন।
দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতাকর্মীরা ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজার পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তোজাম্মেল হক তোজাকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপি থেকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
বিএনপি ও যুবদলের দায়িত্বশীল নেতারা পুনর্ব্যক্ত করেন, মানিকগঞ্জ–১ আসনে বিএনপির একমাত্র বৈধ ও দলীয় প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের এস এ জিন্নাহ করির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে জানা গেছে, বহিষ্কৃত আনোয়ার হোসেন বেপারী এর আগেও বিতর্কিত ভূমিকা পালন করেছেন। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছিলেন। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা এস এম জাহিদের ভাই নাঈমের নির্বাচনী প্রচারণায়ও তাকে প্রকাশ্যে সক্রিয় থাকতে দেখা যায়।
রিপোর্টার: ই, এইচ টুটুল
ই, এইচ, টুটুল 









