
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় মানিকগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এ জিন্নাহ কবির-এর নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চলমান রয়েছে। শিবালয় উপজেলা ছাত্রদল ও সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যানার, ফেস্টুন ও পোস্টার স্থাপন কার্যক্রম জোরদার করা হয়েছে।
শিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যানার লাগান এবং সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। তারা আরও বলেন, তরুণ সমাজের পাশাপাশি প্রবীণ সমাজের সকল শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ছাত্রদল মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির এই আসনে বিজয়ী হবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নে ছাত্রদল আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করবে।
স্টাফ রিপোর্টার 









