
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ–১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর অবস্থানে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী তৎপরতায় জড়িত থাকার দায়ে একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে ঘোড়া প্রতীকের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন বেপারী (আনোয়ার মেম্বার)-কে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন বেপারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী এস এম জাহিদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সে সময় থেকেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিলেন।
একই অভিযোগে জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর উপজেলা শাখার পাঁচজন নেতাকর্মীকেও সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন—
আবুল বাসার (সহ-সভাপতি, চরকাটারি ইউনিয়ন যুবদল),
মো. জসিম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কলিয়া ইউনিয়ন যুবদল),
আতোয়ার হোসেন ও আব্দুর হাকিম (যুগ্ম আহ্বায়ক, জিয়নপুর ইউনিয়ন যুবদল), এবং মো. হাতেম আলী (সম্মানিত সদস্য, বাঘুটিয়া ইউনিয়ন যুবদল)।
যুবদলের পক্ষ থেকেও জানানো হয়েছে, বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখেন।
দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত সবাই ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজার পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা ও কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তোজাম্মেল হক তোজাকে গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়।
বিএনপি ও যুবদলের দায়িত্বশীল নেতারা জানান, মানিকগঞ্জ–১ আসনে বিএনপির একমাত্র বৈধ ও মনোনীত প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের এস এ জিন্নাহ করির। দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
ই এইস টুটুল 









