
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে সেলফী পরিবহন বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংয়োগ মোড় এলাকা থেকে চাঁদা তোলার সময় সাড়ে ১৫ শত টাকাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
সুব্রত কুমার বিশ্বাস উপজেলার উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক এবং ওই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এঘটনায় সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সুত্রে জানাগেছে, গতকাল সোমবার সকালের দিকে উথুলী- পাটুরিয়া সংয়োগ মোড়ে প্রতিদিনের মত সেলফি পরিবহনের লাইনম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলো মিজানুর রহমান নামের এক ব্যক্তি। এসময় যুবদল নেতা সুব্রত বিশ্বাসসহ অজ্ঞাত তিন- চারজন ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজ- পত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়।
পরে তারা তাকে কোন ডিউটি করতে হবে না বলে তাড়িয়ে দেয়। পরক্ষণেই সুব্রতসহ ৩/৪ জন মিলে প্রতি সেলফি বাস থেকে ত্রিশ টাকা করে চাঁদা তুলতে থাকে। বিষয়টি লাইনম্যান মিজানুর কোম্পানির ম্যানেজারকে অবগত করেন। কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা থানা পুলিশকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরের দিকে সুব্রত বিশ্বাসকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো: সবুর খান জানান, ঢাকা- আরিচা মহাসড়কে প্রায় দেড়শতাধিক সেলফি পরিবহনের বাস চলাচল করে। এ ঘটনার পরে আমি সুব্রতদের মোবাইল ফোনে অনুরোধ করেছি এমন না করার জন্য। তারা উল্টো আমার কোম্পানির নিয়োগকৃত লাইনম্যান ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। আর প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলেছে। পরে বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
উথুলী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, চাঁদাবাজীর বিষয়টি আমি পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। সুব্রত কুমার বিশ্বাস আমার কমিটির যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্বে রয়েছে। আমি এবং আমার দল কোন ভাবেই চাঁদাবাজিকে সর্মথন করি না।এ ঘটনায় আমার উপজেলা ও জেলার নেতাদের সাথে আলোচনা করে তদন্ত পূর্বক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবো।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, সেলফি পরিবহনে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে বুধবার সকালে আদালতে হাজতে প্রেরণ করা হবে।
স্টাফ রিপোর্টার 









