
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার একটি কম্প্রেসার মেশিন বিস্ফোরণে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন ।
বিস্ফোরণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একটি কাউন্টার কক্ষ ও একটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে আরিচা ফেরিঘাট বিআইডব্লিউটিসির কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নেয়। সেখানে টার্মিনালের বাউন্ডারি এলাকার ভেতরে রাখা একটি কম্প্রেসার মেশিন দিয়ে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কাজ করতেন।
শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে কম্প্রেসার মেশিনটি বিস্ফোরিত হয়।এতে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যাক্তির একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এঘটনায় আশপাশে থাকা অন্তত আরো ছয়জনগুরুতর আহত হন।
আহতরা হলেন— সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশনআরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।
আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে তিনি জানান।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









