
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর তীর থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তিনদিন গত হলে ও এখনো উদ্ধার হয়নি লাশের মস্তক।
গত ২৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বারইল বটতলা এলাকায় নদীর তীরে লাশটি পাওয়া যায়। খবর পেয়ে পিবিআই মানিকগঞ্জ জেলার একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।
পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকার রাথুরিয়া গ্রামের বাসিন্দা মো. রফিক মিয়া (২৮)।
এ ঘটনায় জড়িত সন্দেহে তার বন্ধু রিপনসহ তিনজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) নদীতে মস্তক উদ্ধারে অভিযান চালায় পিবিআই।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন পিবিআই’র পুলিশ সুপার জয়িতা শিল্পী। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো সন্ধান না পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
পিবিআই জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত অব্যাহত আছে বলে জানান।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জঃ 














