
ঢাকাঃ সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী।
পুলিশ জানায়, রবিবার রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের দিকে বাড়ির ছাদ থেকে কোরআন শরিফ সদৃশ একটি বই নিচে ফেলে দিতে দেখেন প্রতিবেশী আবির হাসান। পরে তিনি বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মা ও মেয়েকে আটক করে।
এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদকঃ 









