
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি ফিলিং স্টেশনের নামে আনা প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)কে আটক করে থানায় সোপর্দ করা হয়।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের মালিকানাধীন ওই ফিলিং স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে একটি লরিতে করে (ঢাকা-মেট্রো-চ ৪১-০০৩৫) প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল আনা হয়।
অভিযোগ রয়েছে, এসব তেল পাম্পে খালাস না করে পাশের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন প্রধানের দোকানে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই ঘটনাটি শনাক্ত করে। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। এ সময় মামুন প্রধানের দোকান থেকে ২১ ড্রাম পেট্রোল এবং তেলবাহী লরিটি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন গনমাধ্যমকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জঃ 









