
নীলফামারীঃ দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ৩টা ২০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।
বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানান নেতাকর্মীরা ।
জানা যায়, দুই দিনের লালমনিরহাট জেলা সফরে ইউএস বাংলার একটি ফ্লাইটে শনিবার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বিমান থেকে নেমে রেস্টরুমে গিয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলাকালীন সময় হঠাৎ মাথা ঘুরে অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন মন্ত্রী।
পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে আসাদুল হাবিব দুলুর অসুস্থতার খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে দেখতে আসেন সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন। পরে নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেননি। পরে তাকে দুপুর ৩ টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, ডাক্তার ও সমাজকল্যাণ মন্ত্রীর পরামর্শে তাকে বেলা ১২টা ১০ মিনিটের বাণিজ্যিক বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেনি। পরে দেড়টার দিকে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, বিকাল ৩টার দিকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর পৌঁছায়। পরে ৩টা ২০ মিনিটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে ত্রাণমন্ত্রীর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 














