
ঢাকাঃ সাভার সাব- রেজিস্ট্রার অফিসের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনসহ গণমাধ্যম কর্মীদের উপর সাভারের সাব-রেজিস্টার ও তার দলবলের পরিকল্পিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি পালন করেন বিভিন্ন এলাকা থেকে আসা সাংবাদিকবৃন্দ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক,সিনিয়র সাংবাদিক তোফাসানি, আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, ধামরাই রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আদনান হোসেন, শ্রমিক নেতা ও সাংবাদিক আহমেদ জীবনসহ অনেকে।
কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সাভারের সাবরেজিস্টার জাকির হোসেনকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
সবশেষে সাভার মডেল থানার সামনে এক ঘন্টার জন্য কলম বিরতি পালন করেন সাংবাদিকবৃন্দ।
উক্ত কর্মসূচীতে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন গণমাধ্যম কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 









