
শেরপুরঃ শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় (৩.৯৩ কি.মি.) খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা এবং পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি এলাকায় কামরুলের বাড়ির সামনের স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন/পুন:খনন কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন/পুন:খনন করা হবে। আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার নির্বাচনী এলাকা নকলায় একটি খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করতে পেরে আনন্দিত।
তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, এ খাল, খালের পানি, খালের মাছ এবং খালের দু’পাশে রোপণ করা বিভিন্ন ফলদ ও বনজ গাছ হবে আপনাদের সম্পদ। সুতরাং সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে এবং এখান থেকে প্রাপ্ত সুবিধা আপনারাই ভোগ করবেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়ামিনের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হেসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকৌশলী সামছুল হক রাকিব, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, ফাহিম চৌধুরীর সহধর্মিনী সেনুয়া চৌধুরী সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ইজিপিপি কর্মসূচির মাধ্যমে অসহায় ও অতিদরিদ্র মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এ প্রকল্প।
শেরপুর প্রতিনিধি 









